সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে পাকিস্তান সরকারকে রাষ্ট্রদ্রোহ মামলা শুরু করার নির্দেশ দিয়েছে পাক সুপ্রিম কোর্ট। কোর্ট জানিয়ে দিয়েছে ‘অযথা দেরি না করে’ এখনই মোশাররফের বিরুদ্ধে চরম রাষ্ট্রদ্রোহ মামলা শুরু করা হোক। বিচারপতি জাওয়াদ এস খোওয়াজার নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ জানিয়ে দিল, সংবিধানের নিয়ম মেনে চরম রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছে প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে। এই অবস্থায় দেরি না করে যত দ্রুত সম্ভব মোশাররফের বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক। এ ব্যাপারে যেন একেবারেই দেরি না করা হয়। —খবর কলকাতার বর্তমান পত্রিকার।
মোশাররফের বিরুদ্ধে ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সি (এফ আই এ) তদন্ত শুরু করেছে। তবে তার জন্য সরকার বা সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়নি। তবে শীর্ষ আদালতকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। মোশাররফের বিরুদ্ধে যাবতীয় তথ্য সংগ্রহ করার কাজও শুরু হয়েছে। সংবিধানের ৬ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ২০০৭ সালে পাকিস্তানে সংবিধানকে অমান্য করার অপরাধে মোশাররফের বিরুদ্ধে শাস্তির আবেদন জানিয়ে অনেকেই দ্বারস্থ হয়েছিলেন আদালতের। সংবিধানকে শুধু অগ্রাহ্য করাই নয়, একইসঙ্গে সংবিধান বিরোধী কাজ করারও অভিযোগ উঠেছে মোশাররফের বিরুদ্ধে। ৬ নম্বর ধারাতেই যে মোশাররফের বিচার হবে, তা আগেই জানিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
