ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুত্ দেয়ার প্রতিশ্রুতি দিল কর্তৃপক্ষ। এ সময় লোডশেডিং করা হবে না বলে জানানো হয়েছে। এজন্য রি-রোলিং মিল ও সিএনজি স্টেশন দিনের একটি নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে। সিএনজি স্টেশন বেলা ৩টা থেকে রাত ৯টা, ছয় ঘণ্টা এবং রি-রোলিং মিলগুলো সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিদ্যুত্ বিভাগে রমজানে বিদ্যুত্ সরবরাহ বিষয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভাশেষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহম্মদ এনামুল হক, বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি সচিব মোজাম্মেল হক খান, পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর, পিডিবির চেয়ারম্যান আবদুল ওহাব খানসহ বিদ্যুত্ ও গ্যাস বিতরণ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রমজানে সন্ধ্যায় আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। সন্ধ্যায় ও গভীর রাতে শিল্প কারখানার আংশিক বন্ধ রাখা হবে। এছাড়া সপ্তাহে এলাকাভিত্তিক শিল্প কারখানা বন্ধ রাখার নিয়ম নিয়ন্ত্রণ করা হবে। রমজানে দোকান বন্ধের বিষয়ে আগামী ৭ জুলাই দোকান মালিক সমিতির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে।
