রায়ান গিগসকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলোয়াড় কাম কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটির প্রধান কোচ ডেভিড ময়েস। আগামী গ্রীষ্মে উয়েফার পেশাদার লাইসেন্স পেতে যাচ্ছেন গিগস। তার আগেই নিজের কোচিং ব্যাজ নিয়ে নিচ্ছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। আগামী মৌসুমের শেষে অবসর নেবেন গিগস যিনি এ পর্যন্ত ১৩ বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন। এ ব্যাপারে গিগস ক্লাবের ওয়েবসাইটে বলেন,‘খেলোয়াড় কাম কোচ হিসেব নিযুক্তি পাওয়াটা বিরাট সম্মানের। আশাকরি খেলোয়াড় ও দীর্ঘকাল ধরে ম্যানচেস্টার ইউনাইটেড পরিবারের অংশ হিসেবে আমি আমার অভিজ্ঞতাকে ছড়িয়ে দিতে পারবো।’ এদিকে গিগস এ সুযোগটি গ্রহণ করায় রেড ডেভিলসদের নতুন ম্যানেজার ময়েস তার ‘আনন্দ’ প্রকাশ করেছেন। তিনি এও আশা করেন যে তরুণ খেলোয়াড়রা ওল্ড ট্র্যাফোর্ডে গিগসের অভিজ্ঞতা কাজে লাগাবেন।
