কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

আরটিভি চ্যাম্পিয়ন

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৬
আরটিভি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে চ্যানেল ২৪ কে সাডেন ডেথে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ছিল। টাইব্রেকারে চ্যানেল ২৪ এর তিনটি শট ঠেকিয়ে আরটিভির অধিনায়ক আনোয়ার হক ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি পায় বাংলাভিশন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) এর ব্যবস্থাপনায় ও স্কয়ার টয়লেট্রিজ লি: এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ এর হেড অফ মার্কেটিং মালিক মোঃ সাঈদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি বাদল রায়, জাতীয় ফুটবল দলের সহকারী কোচ রেনে কোস্টার, বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। উল্লেখ্য, ২৯ জুন ২৪টি মিডিয়া প্রতিষ্ঠান নিয়ে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে কুল-বিএসজেএ টুর্নামেন্ট শুরু হয়। ফাইনালের পুরস্কার বিতরণী শেষে বিএসজেএ ও বাফুফের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বাফুফের হয়ে খেলেন সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয়, ইলিয়াস হোসেন, বিজন বড়ুয়া।— খবর বিজ্ঞপ্তির