বাংলাদেশে আছেন তিনি ২০১১ সাল থেকে। এর মধ্যে গত গত নয় মাস ধরে বাংলাদেশে দলের কোচ হিসেবে কাজ করছেন। ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। আর গত বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানালো, ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব চালাবেন অস্ট্রেলিয়ান কোচ শেন জার্গুনসেন।
বুধবার রাতেই সন্তানের জন্মদিনের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন শেন জার্গুনসেন। এর আগে তিনি বলেন, ‘সময়টা সত্যি অসাধারন। নয় মাস ধরে এখানে কাটানো সময়টা আমি উপভোগ করছি। এর মধ্যে আমরা বেশ ভাল পারফরম্যান্স করেছি আর দল হিসেবে আমরা উন্নতি করেছি। ভবিষ্যতেও আমি এই উন্নতির ধারা ধরে রাখতে চাই। আমরা নিজেদের পারফরম্যান্সে আরও উন্নতি আনার চেষ্টা করছি।’
দ্রুতই সুস্থ হয়ে উঠছেন মাশরাফি বিন মুর্তোজা; দারুন ফর্মে আছেন আরেক পেসার রবিউল ইসলাম। কোচও দলের পেস আক্রমণ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমার মতে সব মিলিয়ে পেস বোলিংয়ে আমাদের উন্নতি বেশ চোখে পড়ার মতো। যদিও, এখনও উন্নতির অনেক জায়গা আছে। আন্তর্জাতিক পর্যায়ে খেলতে হলে পেস বোলারদের ফিটনেস ধরে রাখাটা জরুরি। এদিকে আমাদের কিছু কাজ করতে হবে। তাই বোলারদের জন্য ফিটনেস ক্যাম্পটা খুব বেশি কার্যকর। এখানে আমরা সব বোলারদের ফিটনেসের উপর বিশেষ ভাবে জোর দিচ্ছি।’
ফিক্সিংয়ের দায়ে সাময়িক নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুলকে হারানোয় বাংলাদেশ দলের ব্যাটিংংের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন জার্গুনসেন, ‘আশরাফুল ভাল ফর্মে ছিলেন। তাই তাকে হারানোয় আমাদের দলের ক্ষতি হয়েছে। কিন্তু আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছি। দলের সিনিয়র-জুনিয়র সবার ব্যাপারেই আমি বেশ আশাবাদী। তরুন খেলোয়াড়দের মধ্যে বিজয় (এনামুল হক), নাসির, মোমিনুলও ভাল খেলার মধ্যে আছে।’
কোচ হিসেবে শেন জার্গুনসেনের মেয়াদ বাড়ার সাথে সাথে গত বুধবার জানানো হয় অধিনায়ক হিসেবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহমান। অধিনায়কত্বের জন্য মুশফিককেই যোগ্য মনে করছেন কোচ, ‘কোচ হিসেবে মুশফিক এক কথায় অসাধারণ। মাঠের বাইরেও সে দারুন একজন নেতা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আমরা সবাই কঠিন পরিস্থিতিতে ছিলাম। মাঠের বাইরের কিছু ঘটনাও ছিল। আর সেসব বাদ দিলেও অধিনায়ক হিসেবে মুশফিকই সবচেয়ে যোগ্য। আমি চাইবো দলের সিনিয়ররাও মুশফিককে সমর্থন করুক।’
আগামী সেপ্টেম্বরের শেষে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। সেই সিরিজকে সামনে রেখে জার্গুনসেন বলেন, ‘এটা আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। সবগুলো ফরম্যাটেই আমরাা খেয়াল রাখছি। কিন্তু ওয়ানডে ম্যাচে দুদলের মধ্যে পার্থক্য অনেক কম। কিন্তু র্যাংকিংয়ে তারা এগিয়ে। তাই এদিকে আমাদের উন্নতির অনেক জায়গা আছে।’
