মহিলা ক্লাব কাপ ক্রিকেটের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এরপর রানার্সআপ আর শেষ দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার মোহামেডান হ্যাটট্রিক শিরোপা জয়ে অভিযান শুরু করেছে। এবার নিয়ে মহিলা ক্লাব ক্রিকেটের পঞ্চম আসর। এরই মধ্যে উদ্বোধন হয়েছে ঘরোয়া ক্রিকেটের এই আসর।
আজ মোহামেডানের প্রথম ম্যাচ ভিক্টোরিয়ার বিরুদ্ধে। মাঠে নামার আগে মোহামেডান গতকাল তাদের মহিলা দল ও অধিনায়কের নাম ঘোষণা করেছে। একই সাথে মহিলা ক্রিকেট কমিটিও ঘোষণা করা হয়েছে বিকালে ক্লাব টেন্টে সংবাদ সম্মেলন ডেকে। জাতীয় ক্রিকেট দলের চারজন খেলোয়াড় রয়েছেন মোহামেডানে। সালমা খাতুন, শুকতারা রহমান, রোমানা আহমেদ, সাথিরা জেসি।
অধিনায়ক ঘোষণা করা হয়েছে সালমা খাতুনকে। দলের অন্য খেলোয়াড়রা হলেন সুলতানা ইয়াসমিন বৈশাখী, তানিয়া জোহরা শম্পা, সামিনা সুলতানা, ইতি মন্ডল, তুলিকা বিশ্বাস, ফাতেমা আক্তার, রুবিনা হায়দার, মিরনা খাতুন, আশা রাণী দাস এবং মিতু। দল ঘোষণার পর অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘আমাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ এসেছে। আরো ভালো খেলা উপহার দিয়ে সাফল্য বয়ে আনতে চাই।’ দলের কোচ ইমতিয়াজ হোসেন পিরু; ম্যানেজার ওয়াসিম খান।
ক্লাব কাপের দলগুলোর মধ্যে রয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, মোহামেডান, শেখ জামাল, গুলশান ইয়ুথ, দিপালী যুব সংঘ, ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি, রাইজিং ক্রিকেট একাডেমি, বিকেএসপি. খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
