প্রিমিয়ার লিগে খেলবে পুলিশ

আপডেট : ১২ মে ২০১৯, ২১:১৯

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে পুলিশ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলের দল পুলিশ এরই মধ্যে ৩ ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ারে উঠে গেছে। ৯ জয়, ৫ ড্রয়ে ১৭ খেলায় ৩২ পয়েন্ট, হাতে বাকি আছে ৩ খেলায়। চ্যাম্পিয়নশিপ লিগ হতে দুটি দল উঠবে প্রিমিয়ারে।

পুলিশ ছাড়াও প্রিমিয়ারে উঠার লড়াইয়ে রয়েছে ২৬ পয়েন্ট নিয়ে উত্তর বারিধারা ক্লাব, ২৫ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া এবং ২৪ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ। কোচ ও ক্যাম্প ইনচার্জ সেলিম খান বলেন, ‘তিন খেলা বাকি আছে। আমরা কনফার্ম হয়েছি। আমরা ভালো ভালো খেলোয়াড় বাছাই করে পুলিশে নিয়ে থাকি। জাতীয় নির্বাচনের সময় বেশিরভাগ ফুটবলার ডিউটিতে ছিল। নির্বাচনের পর অনুশীলন শুরু করে।’

আমিরুল ১৭ খেলায় ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা। সর্বশেষ ২০০২ সালে সিনিয়র ডিভিশন ফুটবলে খেলেছিল পুলিশ। ২০১৫ সাল হতে চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে পুলিশ। গতবার চতুর্থ স্থান পেয়েছিল তারা। দারুণ খুশি সেলিম খান। ২৮ বছর ধরে পুলিশের ফুটবল দলটিকে পরিচর্যা করে যাচ্ছেন। গোলকিপার ফয়সাল আজম, শামীম, শামীম আহমেদসহ দলের খেলোয়াড়রা দারুণ পরিশ্রম করে যাচ্ছে।