চোটের কারণে তিনমাস ক্রিকেটের বাইরে থাকা পেসার আবুল হোসেন রাজুকে চিকিত্সার জন্য দেশের বাইরে পাঠানো হবে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন পেলেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। দেশে বসেই এতোদিন তাকে সুস্থ করে তোলার চেষ্টা হয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিত্সক এখন মনে করছেন, দেশের বাইরে অস্ত্রোপচার না করালে ম্যাচ খেলার মতো ফিট হওয়া কঠিন আবুল হোসেনের পক্ষে।
বিসিবির চিকিত্সক দেবাশীস চৌধুরী এ বিষয়ে বলেছেন, ‘রাজুর মেরুদন্ডের নিচের দিকে ব্যথাটা হয়। আমরা রক্ষণশীল চিকিত্সা পদ্ধতিতে অনেক চেষ্টা করেছি। ব্যথ্যা কমে। কিন্তু ম্যাচ খেলার পর্যায়ে ওকে নেওয়া যাচ্ছে না। আবার কখনও কখনও অসহনীয় পর্যায়েও চলে যায় ব্যথা। ফলে অস্ত্রোপচার করানোই এখন সমাধান।’ অস্ত্রোপচার করানোর জন্য কয়েকটি দেশের সুপারিশসহ দেবাশীস ব্যাপারটা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করবেন। বিশেষ করে অস্ট্রেলিয়া, ভারত বা থাইল্যান্ডে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, পেসার তাজিন আহমেদ তাসকিনের বাঁ-হাঁটুতে অস্ত্রোপচার লাগবে না বলে জানান দেবাশিস। হাঁটুতে অস্ত্রোপচার করানোর জন্য তাসকিনকে অস্ট্রেলিয়া পাঠানো হয়েছিল ২৬ জুন। ২৮ জুন মেলবোর্নের একজন বিশেষজ্ঞ চিকিত্সক এবং ১ জুলাই ফিজিওথেরাপিস্ট পরীক্ষা করে দেখেছেন তাসকিনের হাঁটু। দেবাশীষ বললেন, ‘ওর অস্ত্রপচার তো লাগবেই না; এমনকি, আগে যে ইনজেকশনের কথা বলা হয়েছিল, সেটাও লাগবে না। ফিজিওথেরাপিতেই সুস্থ হয়ে যাবে বলে জানানো হয়েছে।’
