শিক্ষায় পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে :শিক্ষামন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:১৬
শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিতে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে সিলেট বিভাগে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা। বাস্তবায়ন হচ্ছে সরকারের গৃহিত নানা প্রকল্প। গত বুধবার রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান। শিক্ষামন্ত্রী জানান, সিলেটে নতুন দু’টি সরকারি হাইস্কুল হচ্ছে। একটি উত্তর সুরমার লাক্কাতুরায় এবং অন্যটি দক্ষিণ সুরমার আলমপুরে। এক সপ্তাহের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ দেয়া হবে। শিক্ষামন্ত্রী বর্তমান সরকারের আমলে সিলেটের শিক্ষার উত্তরণ, কারিগরি শিক্ষার প্রসার, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, এমসি কলেজের হোস্টেল পুনঃনির্মাণ, ঝরে পড়া রোধ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গৃহীত প্রকল্পের বর্ণনা দেন।