ফারিয়ার টলিউড সফর শেষে...

আপডেট : ১২ মে ২০১৯, ২১:২১

দেশের পাশাপাশি কলকাতাতেও জনপ্রিয়তার কোনো কমতি নেই চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। যৌথ প্রযোজনা সিনেমার মধ্য দিয়ে কলকাতার দর্শকদের কাছেও ফারিয়া জনপ্রিয় মুখ। তবে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে কলকাতার একক প্রযোজনার সিনেমাতে তাঁর অভিষেক অনেক আগেই হওয়ার হিসেব থাকলেও দেশের সিনেমাতেই নিয়মিত ছিলেন তিনি।

এতে ঢালিউডে ফারিয়ার ক্যারিয়ারটাও হয়তো শক্ত অবস্থানে রয়েছে। তবে টলিউডের সেই যাত্রাটাও শুরু হয়ে গেল। সম্প্রতি তিনি কলকাতার একক প্রযোজনায় ‘বিবাহ অভিযান’ শিরোনামে সিনেমার শুটিং শেষে দেশে ফিরেছেন। বিরসা দাসগুপ্তর পরিচালনায় সিনেমাটির মধ্য দিয়ে আবারো কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশের বিপরীতে দেখা যাবে ফারিয়াকে। ঈদের পর আবারো কলকাতায় সিনেমাটির বাকি অংশের কাজের জন্য যাবেন। পাশাপাশি থাইল্যান্ডে একটি বিজ্ঞাপনের শুটিং নিয়েও ঈদের পর ব্যস্ততা শুরু হবে তাঁর।

অন্যদিকে ঈদের পর দেশে আরো একটি সিনেমার শুটিং শুরু করবেন ফারিয়া। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমার শিরোনাম এখনো ঠিক করা হয়নি। তবে শিগগিরই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানা যাবে।

চলতি বছর এখন পর্যন্ত কোনো সিনেমা মুক্তি পায়নি ঢালিউডের জনপ্রিয় এই নায়িকার। তবে ঈদে তাঁর অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটি মুক্তি পাওয়া কথা রয়েছে। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। এর আগে সিনেমাটি কয়েকবার মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ঈদে মুক্তি পাওয়ার কথা জানায় প্রযোজনা প্রতিষ্ঠান।