ইসি চাইলে গাজীপুরে সেনা মোতায়েন করতে পারে

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৫
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রবীণ পার্লামেন্টারিয়ান তোফায়েল আহমেদ এমপি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) চাইলে গাজীপুর সিটি করপোশেন নির্বাচনে সেনা মোতায়েন করতে পারে। আওয়ামী লীগ ইতিমধ্যে ইসিকে এ কথা জানিয়ে দিয়েছে। তবে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের কোনো পরিস্থিতি গজীপুর সৃষ্টি হয়নি বলে আমাদের অবহিত করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি ও বিএনপির বিভিন্ন মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো ধরনের অবস্থা বিরাজ করছে না উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের দক্ষ সেনাবাহিনীকে যারা ইতিপূর্বে বিতর্কিত করেছে, তাদের মুখে সেনা মোতায়েনের কথা মানায় না। সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দেশ-বিদেশে কাজ করছে। সর্বশেষ রানা প্লাজার ঘটনাও তারা মোকাবিলা করেছে। এই সেনাবাহিনী ১৭ দিন পর রেশমাকে উদ্ধার করেছে। অথচ সত্যতা যাচাই না করে তারা (বিএনপি) এখন সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তোফায়েল বলেন, বিএনপির সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট। মিথ্যা অভিযোগ করা তাদের পুরনো অভ্যাস। বিএনপি গাজীপুর নির্বাচনের আগে বিভিন্ন কথা বলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। গাজীপুর সিটি নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগ নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসিকে যা যা সাহায্য করার তার সবই করছেন বলে দাবি করেন তোফায়েল। তিনি বলেন, এ নির্বাচন কমিশন তো আজিজ মার্কা নির্বাচন কমিশন নয়। তাছাড়া ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটারও তো এখানে নেই। ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচন প্রভাবিত করার চক্রান্ত হচ্ছে’ মর্মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের দাবির সমালোচনা করে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এর চেয়ে মিথ্যাচার আর হতে পারে না। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।