পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলায় প্রতিদিন বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হচ্ছে কোরআন হাদিস তথা ইসলামি জ্ঞানের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘ইসলামিক জিনিয়াস’। অডিশনের মাধ্যমে সারাদেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ১০ থেকে ১৬ বছর বয়সী ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দেশের ৮টি বিভাগের প্রায় সাড়ে ৮ হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতার অডিশন রাউন্ডে অংশগ্রহণ করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর রাজশাহী ও ময়মনসিংহ, এই ৮টি বিভাগের প্রতিযোগীরা অডিশন রাউন্ডে অংশগ্রহণ করে। অডিশন রাউন্ডে মোট ৬৯ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এরপর সেখান থেকে স্টুডিও রাউন্ডের জন্য বাছাই করা হয় ৩০ জনকে। এই ৩০ জনকে ৬টি গ্রুপে বিভক্ত করা হয়। এরপর শুরু হয় মূলপর্ব। মূলত তরুণ প্রজন্মকে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস, ইসলামি জীবন বিধান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি ইসলামিক গুণাবলীর বিকাশে সহায়তা এবং ইসলামিক জ্ঞানার্জনের চেষ্টাকে উত্সাহিত করতে শুরু হয় এই প্রতিযোগিতা। কোরআন তেলাওয়াতের দক্ষতা, স্মৃতিশক্তি, ইসলামিক বিষয় ও ইসলামিক ইতিহাসের জ্ঞান যাচাইয়ের মাধ্যমে ধাপে ধাপে নির্বাচিত হবে একজন ইসলামিক জিনিয়াস।
