ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে টর্নেডোর ছোবলে লণ্ড-ভণ্ড হয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি ও গাছপালা। গত শনিবার রাত ১টায় উপজেলার নলকূড়া ও কাংশা ইউনিয়নে ওপর দিয়ে টর্নেডো আঘাত হানে। এতে রাংটিয়া, নওকুচি, শালচুড়া, ভালুকা, সন্ধ্যাকুড়া, জারুলতলাসহ আরো কয়েকটি গ্রামের শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়। শত শত গাছপালা ওপরে পরে। টর্নেডোর ছোবলে রাংটিয়া থেকে নওকুচি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ২০টি বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে। এতে এসব এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন্ হয়ে পরে।
নলকূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা জানান, টর্নেডোর আঘাতে তার ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। অনেক বিধ্বস্ত বাড়ি-ঘরের লোকজন খোলা আকাশের নিচে রয়েছে। এ ছাড়া অসংখ্য গাছপালা ওপরে পড়েছে।
কাংশা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক জানান, শনিবার রাত ১টায় বয়ে যাওয়া টর্নেডোর ছোবলে নওকুচি, বানাই পাড়া, গান্ধিগাওসহ বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক বাড়ি-ঘর লণ্ড-ভণ্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়ে পড়েছে পুরো এলাকার বিদ্যুত্ সংযোগ। রবিবার বিকালে উপজেলা চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ টর্নেডোর ছোবলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
ইউএনও রুবেল মাহমুদ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা আনয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
