শুধু বিদেশি আগ্রাসনেই সিরিয়ায় সরকার পরিবর্তন হতে পারে

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:২৭
কেবলমাত্র সরাসরি বিদেশি আগ্রাসনই সিরিয়ার পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এছাড়া, বিরোধীদের সব তত্পরতা মোকাবেলা করে সিরিয়া সরকার টিকে থাকবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। গৃহযুদ্ধের প্রথম দু’বছরে সিরিয়ায় রক্তক্ষয়ী সহিংসতা হলেও বিদ্রোহীরা খুব বেশি সুবিধা করতে পারেনি। গত জুনে সরকারের অভিযানে সীমান্তবর্তী শহরগুলো বিদ্রোহীদের হাতছাড়া হয়ে গেলে পরিস্থিতি আবার আসাদের অনুকূলে চলে আসে। সিরিয়ার বৃহস্পতিবার প্রকাশিত সরকারনিয়ন্ত্রিত পত্রিকায় এক সাক্ষাত্কারে আসাদ বলেন, তাদের লক্ষ্য আমাদের অবকাঠামো, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা এবং সমাজে পুরোপুরি বিশৃঙ্খলা তৈরি করা। যাতে করে আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হই। কিন্তু এ পর্যন্ত আমরা সে পর্যায়ে পৌঁছিনি।’ তিনি আরো বলেন, সরকারের ভিত কেবল একটি জিনিসই দুর্বল করে দিতে পারে, আর তা হচ্ছে, সরাসরি বিদেশি আগ্রাসন। কিন্তু এ ব্যাপারে বিশ্বের শক্তিধর দেশগুলোর দ্বিধাদ্বন্দ্ব্ব এবং মতবিভেদের কারণে সে আশঙ্কা নেই। আসাদ বলেন, তারা আবেগতাড়িত এবং মনস্তাত্ত্বিক পন্থার মতো অনেক উপায়ই কাজে লাগিয়েছে। কেবলমাত্র বিদেশি আগ্রাসনটাই বাকি রয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব আছে। বেশিরভাগ দেশই আগ্রাসনের বিপক্ষে রয়েছে। সুতরাং আমরা এ পর্যায়টা দৃঢ়তার সঙ্গে এবং সচেতনভাবে পেরিয়ে যেতে পারলে আর বেশি ভয় পাওয়ার কিছু থাকবে না।’