নেপালে কয়েক সপ্তাহ ধরে চলা মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতেই বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ভূমিধস ও বন্যায় দেশের বিভিন্ন স্থানে ৫০ জন মারা গেছে। নিখোঁজ হয়েছে আরো ১৯ জন। এছাড়া, বন্যা ও ধসে প্রায় ১২ হাজার লোক গৃহহীন হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় জরুরি দুর্যোগ কেন্দ্রের প্রধান লক্ষ্মী প্রসাদ ঢাকাল বলেন, ‘ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত দেশব্যাপী ৫০ জনের মৃত্যু হয়েছে।’ তিনি জানান, ‘ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো কিভাবে পুনর্গঠন করা যায় সে ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করতে ভৌত পরিকল্পনা বিষয়ক মন্ত্রীকে প্রধান করে আমরা একটি কমিটি গঠন করেছি। সরকার দুর্গতদের ৭৫ লাখ রুপি (৭৮ হাজার মার্কিন ডলার) সহায়তা দিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগটিতে সহস্রাধিক গবাদি পশুও মারা গেছে।’
নেপালে প্রতিবছর বন্যা ও ভূমিধসে শত শত লোক মারা যায়। এ বছর জুনের মাঝামাঝি সময় থেকে ভারি মৌসুমী বৃষ্টিপাত শুরু হবার পর বন্যা ও ভূমিধসে মোট ৭ হাজার লোক বাস্তচ্যুত, ৮০০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস ও ১৫০০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে প্রতিবেশী ভারতের উত্তরখণ্ড রাজ্যে বন্যা ও ভূমিধসে কয়েক হাজার লোক প্রাণ হারিয়েছে।
