সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:২৮
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে ডুবে ৩ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাংচুর করেছে। নিহতরা হলো—শাহজাদপুর পৌর এলাকার কাকলিমারী গ্রামের মাহমুদ আলী খাঁর পুত্র সাব্বির (৩), শক্তিপুর মহল্লার আল হকের পুত্র আব্দুল আলিফ (৭), ফরিদপুর জেলার মথুখালী থানার আরপাড়া গ্রামের লিটন সেখের পুত্র মিলন (৯)। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গত বুধবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর গ্রামে ফুটবল খেলছিল একদল শিশু। খেলা শেষে সন্ধ্যায় কয়েকজন শিশুরা স্থানীয় একটি পুকুরে গোসল করতে গেলে এই তিন শিশু পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুদের চিত্কারে স্থানীয় এলাকাবাসী ৩ শিশুকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রাতে ৩ শিশু মারা যায়। তবে অভিযোগ রয়েছে হাসপাতালে চিকিত্সক না থাকায় এই শিশুদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাংচুর করে।