ইভটিজিংয়ের দায়ে বিশ্বনাথে যুবকের কারাদণ্ড

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৩৬

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথে প্রতিবেশী এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মনির মিয়া (৩৩) নামের এক যুবককে ৯ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে উপজেলার কর্মকলাপতি মাধবপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা জানান, মনির মিয়া দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী কাতার প্রবাসী নিজামউদ্দিনের মেয়ে স্থানীয় ইসহাক একাডেমির ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার বিকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে ইভটিজিং করে মনির। ভিকটিম এ বিষয়ে বিশ্বনাথ থানায় অভিযোগ করলে গতকাল রবিবার সকালে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মনির মিয়াকে আটক করে পুলিশ। বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ভিকটিম, অভিযুক্ত যুবক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে মনির মিয়াকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।