কয়রা উপজেলার তেঁতুলতলার চর প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন করাকে কেন্দ্র করে মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৩২)। তিনি তেঁতুলতলার চর গ্রামের মৃত আলী গাজীর ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য মনোনয়নপত্র দাখিল করার সময় স্থানীয় আবুল পাড়ের সঙ্গে লিটন, কোহিনুরদের বাক-বিতণ্ডা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদেরকে অফিস কক্ষ থেকে বের করে দেন। পরে বিকালে এ ঘটনার জের ধরে তারা আবুল পাড়কে এলাকার ফজলু গাজীর মাছের ঘেরের পাশে মারপিট করে। তাকে উদ্ধারে বিল্লাল গাজী, শাহজান, জালাল এগিয়ে গেলে তাদেরকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করা হয়। তাদেরকে চিকিত্সার জন্য হাসপাতালে নেয়ার পথে বিল্লাল গাজীর মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় শাহজান গাজীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আহসান হাবীব জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মামলার আসামি মইনুর ইসলাম লিটনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ করিম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এমন ন্যক্কারজনক ঘটনার উপযুক্ত শাস্তি হওয়া দরকার।
