গাজীপুর সিটি নির্বাচনে ভোটের পরদিন ফল ঘোষণার সিদ্ধান্তে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বিএনপি বলেছে, ভোট গ্রহণের পরপরই গণনা এবং ফলাফল ঘোষণা করতে হবে। গতকাল নয়াপল্টনে দলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করে বলেন, আমাদের দেশের দীর্ঘদিনের ঐতিহ্য হচ্ছে- নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা। কিন্তু আমরা জানতে পেরেছি শনিবার ভোটগ্রহণ শেষে তার ফলাফল পরের দিন রবিবার সকাল ১১টায় ঘোষণা করা হবে।
তিনি বলেন, আমরা আশঙ্কা করছি রবিবার ফলাফল ঘোষণা করা হলে তাতে কারচুপি হতে পারে। এটি একটি দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের প্রার্থীও জোর আপত্তি তুলেছেন। আমরাও দলের পক্ষ থেকে গতকাল শুক্রবার ইসির কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি।
