বড়াইগ্রামে ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যু! হাসপাতাল সিলগালা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৫৪

বড়াইগ্রামের জোনাইল বাজারের জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে ভুল চিকিত্সায় পারভীন খাতুন (২৩) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতক শিশুটির মাথাও কেটে গেছে বলে জানা যায়।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার বেসরকারি হাসপাতালটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে হাসপাতালের চেয়ারম্যান নাজমুল ইসলামকেও আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে কুমারখালী গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী পারভীন খাতুনের সিজারিয়ান করা হয়। হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. তানিকুল ইসলাম টিটু অপারেশন করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। অপারেশনের কিছু সময় পরেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে তাকে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে রাতে তিনি মারা যান।  সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর লোকজন টাকার বিনিময়ে বিষয়টি আপোষ করেন। পরে খবর পেয়ে গতকাল মঙ্গলবার ইউএনও আনোয়ার পারভেজ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার হাসপাতালে অভিযান চালান। এ সময় সেখানে চিকিত্সাধীন দু’জন রোগীকে অন্যত্র ভর্তি করিয়ে তারা হাসপাতালটি সিলগালা করে দেন। এ ব্যাপারে ডা. তানিকুল ইসলাম টিটুর কাছে মোবাইলে জানতে চাইলে তিনি হাসপাতালে থাকলেও অপারেশন করেননি বলে দাবি করেন। একইসঙ্গে তিনি সোমবার রাতেই চাকরি থেকে রিজাইন দিয়েছেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, লাইসেন্স, যথাযথ যোগ্যতাসম্পন্ন চিকিত্সক ও নার্স না থাকাসহ ভুল অপারেশনে রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।