দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪১
গত শুক্রবার বিকালে নেত্রকোনায় সমাবেশ করতে না দেওয়ায় নাগরিক ঐক্যের আহবায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না সংবাদ সম্মেলন করেছেন। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, জনগণ সুস্থ ধারার রাজনীতি দেখতে চায়। আওয়ামী লীগ বিএনপি বার বার রাষ্ট্র ক্ষমতায় আসলেও দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়। তিনি দেশের জনগণকে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহবান জানান। শুক্রবার বিকালে উন্মেষ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভা করতে না দেয়ার প্রতিবাদে জেলা কমিটির সদস্য সচিব এডভোকেট নজরুল ইসলাম খানের বাসভবনে তাত্ক্ষণিক সাংবাদিক সম্মেলন করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন, নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক অতিরিক্ত আই জি মোঃ মাসুদুল হক, নেত্রকোনার জেলা শাখার আহবায়ক এডভোকেট আমিনুল ইসলাম ও সদস্য সচিব নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, নুরুল আফছার মজুমদার স্বপন, শেখ তারেক বি রহমান, মোঃ ইব্রাহিম মোল্লা, কামরুল জামান, শফিকুর রহমান হিরু প্রমুখ।