বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ১টি ব্যবহূত কাতুর্জের খোসাসহ এক যুবককে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব চাম্বল এলাকায় অভিযান পরিচালনাকালে আটক মো. রিদুয়ান (২৪) ওই এলাকার কবির আহমদের পুত্র।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পূর্ব চাম্বল এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্রসহ মহড়া দেওয়ার খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় মো. রিদুয়ান ওরফে ফজু মিয়াকে একটি দেশীয় অস্ত্র ও ১টি ব্যবহূত কাতুর্জের খোসাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, রিদুয়ানকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এক্সকাভেটরের আঘাতে শিশুর মৃত্যু
বাঁশখালীতে মাটি কাটার এক্সকাভেটরের আঘাতে জাহেদুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিশু জাহেদুল ইসলাম উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার নজরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সময় শিশু জাহেদুল ইসলাম রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকায় মাটি কাটার যন্ত্রের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে নানার বাড়ি শীলকূপ ইউনিয়নে বেড়াতে গিয়েছিল।
বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. আয়েশা মুনমুন জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যুবরণ করে।
