চ্যাম্পিয়ন্স ট্রফির লজ্জাজনক পারফরমেন্সকে পেছনে ফেলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ভাল ফল করবে বলে শুক্রবার সমর্থকদের আশ্বস্ত করেছেন পাকিস্তান কোচ ডেভ হোয়াটমোর।
বাজে ব্যাটিংয়ের কারণে গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্যায়ের তিন ম্যাচের তিনটিতেই শোচনীয়ভাবে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান। সাংবাদিকদের হোয়াটমোর বলেন, ‘অবশ্যই আমাদের ভাল করা দরকার। ইংল্যান্ডে যা হয়েছে তা সবার জন্যই বেদনাদায়ক এবং এ অধ্যায় ভুলে যেতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা এখন তুলনামূলক ভাল কিছু করার আশায় আছি।’
ক্যারিবীয় সফরে পাঁচটি একদিনের ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাওয়া পাকিস্তান দলের কোচ হোয়াটমোর বলেন, ‘আমরা এমন নিশ্চয়তা দিতে পারছি না যে, ৫-০ ম্যাচে সিরিজ জিতব। তবে আমরা জয়ের জন্য একটা লড়াই করব।’
গায়নাতে ১৪ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। গত বছর মার্চ মাসে পাকিস্তান দলের দায়িত্ব নেয়া অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ৫৯ বছর বয়সী এ কোচ বলেন, তার দায়িত্ব পালনকালে ভাল-খারাপ উভয়টাই ছিল। নিজ আমলে ১২টি ওয়ানডে ম্যাচে জয় এবং ১৩টিতে পাকিস্তান দলের পরাজয়ের কথা উল্লেখ করে হোয়াটমোর বলেন, ‘জয়-পরাজয় পরিসংখ্যান দিয়ে আমার পারফরমেন্স বিচার করা কঠিন বলে আমি মনে করি।’
হোয়াটমোরের অধীনে পাকিস্তান দল মোট ৬ টেস্ট খেলে ৪টিতে পরাজিত এবং ২টিতে ড্র করেছে।
তিনি বলেন, ‘আমি মনে করি কখনো কখনো কেবল জয়-পরাজয়ের পরিসংখ্যান করাটা খুব সহজ।’ গত জানুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ৩-০ ম্যাচে পরাজিত হলেও ওয়ানডে সিরিজে পাকিস্তান ৩-২ ম্যাচে পরাজিত হয়েছে উল্লেখ করে হোয়াটমোর বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে আমাদের জেতা উচিত ছিল বললে আমি খুবই বিস্মিত হব। টেস্ট র্যাংকিংয়ে তারা বিশ্বের এক নম্বর দল এবং এ্যাওয়ে সিরিজে তারা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সুতরাং জয়-পরাজয় পরিসংখ্যান মেলানোটা অন্যায় বলে আমি মনে করি।’
বৃহস্পতিবার প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানো ইকবাল কাশিমের সঙ্গে বিবাদের কথা অস্বীকার করেন হোয়াটমোর বলেন, ‘তার কাজের জন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই এ জন্য যে— ঐ কঠিন স্থানে দায়িত্ব পালন করাটা খুবই কঠিন এবং তার সাথে আমার কোন সমস্যা ছিল না।’ - বাসস/এএফপি
