রিয়ালেই ভবিষ্যত্ দেখছেন রোনালদো

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:০৮
গুজবটা বেশ পুরনো; গত মৌসুমের মাঝামাঝি সময় থেকেই শোনা যাচ্ছিল স্পেন ছেড়ে আবারও ইংল্যান্ডে ফিরতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, এবার রোনালদো নিজেই সেই গুজবকে উড়িয়ে দিলেন। আগামী মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডে যোগ দেয়ার গুঞ্জনকে প্রত্যাখ্যান করে জানিয়েছেন স্প্যানিশ ফুটবলেই নিজের ভবিষ্যত্ দেখতে পাচ্ছেন তিনি। মোনাকোতে হোটেল ডি প্যারিসে এক অনুষ্ঠানে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ওল্ড ট্রাফোর্ডে ফিরছি বলে ব্যাপক গুঞ্জন থাকলেও সেটা সত্যি নয়।’ ইউনাইটেড ক্লাবের প্রতি সম্মান রেখেই পর্তুগালের এই তারকা বলেন, ‘এটা (ম্যানচেস্টার ইউনাইটেড) এমন একটা ক্লাব যেটি আমি সেখানে খেলার সময় থেকেই আমার হূদয়ে আছে। সুতরাং সবাই জানে এ ক্লাবের প্রতি আমার একটা ভালবাসা আছে। কিন্তু আমার ভবিষ্যত্ রিয়াল মাদ্রিদে এবং আমি এখানেই থাকতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমার ভবিষ্যত্ সম্পর্কে কথা বলার জন্য এটা সঠিক দিন নয়। মৌসুম শুরুতে এ বিষয়ে কথা বলার জন্য আমি অনেক সময় পাব। দীর্ঘ ১০ মাস একটা কঠিন মৌসুম শেষ করার পর এটা কেবলই বিশ্রাম নেয়ার সময়। এ সময়টা আমার পরিবার, সন্তান এবং বান্ধবীকে সময় দেয়ার ও কেবলই বিশ্রাম নেয়ার। কেবলই বিশ্রাম নেয়া, সৈকতে ঘুরে বেড়ানো, গল্প করা আর হাল্কা টেনিস খেলার সময় এটা।’ ২০০৩-২০০৯ সাল পর্যন্ত ম্যানচেষ্টার ইউনাইটেডে ছয়টি সফল বছর কাটিয়েছেন রোনালদো। ইংলিশ ক্লাবটির হয়ে এই সময়ে একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছাড়াও তিনবার প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন তিনি। রিয়াল মাদ্রিদে চার বছরে ক্লাবের হয়ে রোনালদো কেবলমাত্র একটি স্প্যানিশ লিগ শিরোপা ও একটি স্প্যানিশ কাপ শিরোপা জয় করতে পেরেছেন। দলটির হয়ে ১৯৯টি ম্যাচ খেলে গোল করেছেন ২০১ টি। গত মৌসুমে ‘রিয়ালে সুখী নন’ এমন কথা বলেই মূলত তিনি নিজেই ক্লাব ছাড়ার গুঞ্জনের পালে হাওয়া লাগান। তবে ২৮ বছর বয়সী রোনালদো এখন ক্লাব ছাড়ার সকল সম্ভাবনাকে বাতিল করে দেন। তিনি জানান, ক্লাব ছাড়ার পরিবর্তে তিনি বরং রিয়াল ও পর্তুগালের হয়ে আরো বেশি সাফল্য চান, ‘আমি সব সময়ই একেক বছরের চেয়ে সামনের বছরে আরো ভাল করতে চাই। সুতরাং এ বছরও একই হবে। আমরা যা অর্জন করতে পছন্দ করি- সব সময়ই লা লিগা ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দিকে মনোনিবেশ করব। সেখানে (রিয়াল মাদ্রিদ) খেলাটা অবশ্যই আমি উপভোগ করি। স্পেনে আমি চার বছর যাবত্ খেলছি। সুতরাং সেখানেই খেলাটা অব্যাহত রাখতে চাই।’ এছাড়া পর্তুগীজ দলের হয়েও ভাল পারফর্ম করতে চান রোনালদো। চোখ রাখছেন বিশ্বকাপের দিকে, ‘পাশাপাশি জাতীয় দলের হয়েও। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করাটা হবে আমাদের জন্য বড় লক্ষ্য। সুতরাং আমাদের নজর এখন সেদিকেই এবং আমিও বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।’ রিয়ালের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ এখনো দু’বছর বাকি আছে এবং যতদূর জানা গেছে, মেয়াদ তিনি আর বাড়াতে চান না। এ খবরই অর্থ সমৃদ্ধ ফরাসী দুই ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকোর মত ইউনাইটেডকেও সতর্ক করে দিয়েছে। - বাসস/ এএফপি