শিক্ষার্থীদের নৈতিকতায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়তে চাই: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:০৮
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতায় পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। তাদেরকে আধুনিক বাংলাদেশের রূপকার হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সেজন্য আমরা যুগোপযোগী বিশ্বমানের আধুনিক শিক্ষানীতি প্রণয়ন করেছি। দেশ দারিদ্র্য, নিরক্ষরতা, দুর্নীতি, পশ্চাত্পদতা মুক্ত হলেই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শনিবার গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি উত্সবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম. খায়রুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন হুইপ নূর-ই-আলম চৌধূরী লিটন, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধূরী। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. দিলীপ কুমার নাথ, বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ শাহজাহান, প্রকৌশলী মাহামুদুল হাসান, মাহাবুবুর রহমান সুমন, শিক্ষার্থী মোঃ আবির হাসান বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।