বারতোলির শিরোপা উত্সব

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:০৯
উইম্বল্ডনের নতুন রানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন ফ্রান্সের মারিয়ন বারতোলি। একতরফা এক ফাইনালে গতকাল শনিবার স্যাবাইন লিসিকিকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ের স্বাদ পান বারতোলি। যেই জিতবেন তার জন্যই এটা হবে প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা। ওপেন যুগের ৪৫ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো কোন ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এমন দুজন যাদের কারোরই নেই কোন গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড। তবে উত্তেজনা তারপরও কম ছিল না। কারণ, সেরেনা উইলিয়ামস-শারাপোভাদের অনুপস্থিতিতে অন্য সবার জন্য লড়াইটা হয়ে পড়েছিল অনেকটা উন্মুক্ত। সেখানে শেষ পর্যন্ত জয় পেলেন অভিজ্ঞ বারতোলিই। শেষ ষোলোতে সেরেনাকে হারিয়ে চমকে দেয়া লিসিকি এদিন দাঁড়াতেই পারেননি বারতোলির সামনে। ফলে ২০০৬ সালে অ্যামেলি মরেসমোর পর প্রথম ফরাসি হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ পেলেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। পুরো টুর্নামেন্টে একটা সেটও না হারা বারতোলি শিরোপার আনন্দে ভেসে গিয়ে বলেন, ‘আমি আসলে বিশ্বাসই করতে পারছি না। সেই ছোটবেলা থেকে আমি এই স্বপ্নটা দেখে আসছি। আমি জানি স্যাবাইনের (লিসিকি) এখন কেমন লাগছে এবং নিশ্চিতভাবেই সে এখানে আবারো ফিরে আসবে।’