ক্যারিবীয় বর্ষসেরা স্যামুয়েলস

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:১১
ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মিডল-অর্ডার ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। এছাড়া সেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কারও জিতেন তিনি। ২০১২ সালের পারফরমেন্সের উপর ভিত্তি করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও দ্য প্লেয়ার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এ মনোনয়ন দেয়। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ২০১২ সালটা বেশ ভালো কেটেছিল স্যামুয়েলসের। ব্যাট হাতে টুয়েন্টি টুয়েন্টি ও ওয়ানডেতে বেশ ঝাঁঝালোই ছিলেন তিনি। টি-২০-তে ১০ ইনিংসে ব্যাট করে ৩২৫ রান ও ওয়ানডেতে ১৬ ইনিংসে ৪৮২ রান করেন স্যামুয়েলস। ফলে ঐ বছরের পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজের সেরা খেলোয়াড় মনোনিত হলেন তিনি। এছাড়াও ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন স্যামুয়েলস। বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপল। ২০১২ সালে ১৫ ইনিংসে ৯৮৭ রান করেছেন তিনি। সেই সুবাদে টেস্টের সেরা পুরস্কার জিতেন বর্তমানে টেস্ট র্যাংকিং-এর দুই নম্বর স্থানে থাকা ব্যাটসম্যান চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান টেস্ট অধিনায়ক ড্যারেন সামির হাত থেকে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন চন্দরপল। আর টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রহস্যময় স্পিনার সুনীল নারাইন। গেল বছর টি-২০-তে ১৬ উইকেট শিকার করেছেন তিনি। বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের এক নম্বর স্থানে রয়েছেন নারিন। আর উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কিয়েরন পাওয়েল। বর্ষসেরা খেলোয়াড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ডব্লিউআইসিবি’র প্রধান ডেভিড ক্যামেরুন ও ডব্লিউআইপি-এর প্রধান ওয়াভেল হাইন্ডস। -বাসস