চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ ও চট্রগ্রাম মহানগরী গতকাল শনিবার শুরু হওয়া ওয়ালটন জাতীয় আমন্ত্রণমূলক পুরুষ হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জয়ী হয়েছে।
শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় চাঁপাইনবাবগঞ্জ ২৬-২৪ গোলে চুয়াডাঙ্গাকে হারায়। এছাড়া দিনের অন্য খেলায় বাংলাদেশ পুলিশ ২৯-১৫ গোলে চুয়াডাঙ্গাকে, চাঁপাইনবাবগঞ্জ ৩০-২২ গোলে যশোরকে, বর্ডার গার্ড বাংলাদেশ ৬২-১৫ গোলে ময়মনসিংহকে এবং চট্টগ্রাম মহানগরী ৩৬-১৭ গোলে সুনামগঞ্জকে হারিয়েছে।
এর আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ওয়ালটনের অ্যাডিশনাল ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার এবং প্রতিষ্ঠানটির ক্রীড়াদূত জোবেরা রহমান লিনু।
