জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ২৫

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৪৫

 জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরী গ্রামে গতকাল রবিবার দুপুরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুজিয়া বেগমকে (৫০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্গাচাষির ধান দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে তেঘরী গ্রামের আব্দুল ওয়াদুদ ও শিবলু মিয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে বাড়ির রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে একই ইউনিয়নের ব্রাহ্মণগাঁও ইসলামপুর গ্রামের ছায়াদ মিয়া ও ফজরুলের মধ্যে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৬টায় উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত সিরাজুল ইসলামকে (৪৫) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপতালে এবং অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানার এস আই লুত্ফুর রহমান উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।