আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপি শনিবার সকাল থেকে ঘণ্টায় ঘণ্টায় সাংবাদিক সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলেছে। অবস্থাদৃষ্টে মনে হয়, বিএনপি মিথ্যাচারের স্কুল খুলেছে। আর এ স্কুলে শিক্ষকতার দায়িত্ব নিয়েছেন তাদের মহাসচিব মির্জা ফখরুল। অবশ্য যে দলের নেত্রী সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করতে পারেন, তার দল থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়?
গতকাল শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দলের পক্ষ থেকে তিনি এ কথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের রায় সকলকে মেনে নেয়ার আহবান জানিয়ে মাহবুব-উল-আলম হানিফ বলেন, গাজীপুরে উত্সব মুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে। ভোট গ্রহণ ও গণনা সুষ্ঠুভাবে হয়েছে। আশা করছি ফল যাই হোক দু’প্রার্থীই তা মেনে নিয়ে সরকারকে সহযোগিতা করবেন।
‘সেনা মোতায়েন না করে সরকার সংবিধান লংঘন করেছে’ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে হানিফ বিএনপি নেতৃবৃন্দকে সংবিধান ভালো করে পড়ে দেখার পরামর্শ দেন। ‘ভোট কারচুপি হলে সরকার পতন আন্দোলন’ বিএনপির এমন হুমকির জবাবে তিনি বলেন, ভোট কারচুপির সুযোগ এখন আর নেই। সরকার পতন অন্তত বিএনপিকে দিয়ে হবে না। তারা নেতা-কর্মীদের উজ্জীবিত করার জন্য এমন হুমকি দিয়ে থাকেন।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
