সোমালিয়ার কিসমায়ো শহরের নিয়ন্ত্রণ নিয়ে ভয়াবহ সংঘর্ষ

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:১৯
জাতিসংঘ জানিয়েছে সোমালিয়ার দক্ষিণের গুরুত্বপূর্ণ কিসমায়ো শহরের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর সংঘর্ষে গতমাসে অন্তত ৭১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩ শ’ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, সাম্প্রতিককালের তুমুল লড়াইয়ের কারণে মানবিক সাহায্য কর্মসূচি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেসামরিক নাগরিকদের ওপর খুব বেশি যুদ্ধের প্রভাব পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে হাসপাতালগুলো থেকে নিহতের যে সংখ্যা পাওয়া গেছে তার চেয়ে প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে। কিসমায়ো একটি ভয়ংকর অঞ্চলে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ল্যান্ড মাইন ও গ্রেনেড হামলায় মানুষ মারা যাচ্ছে। কয়েকটি বিদ্রোহী গ্রুপ কিসমায়োর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। এর মাঝে আছে রাস কামবনি যার প্রধান নিজেকে জুবাল্যান্ডের প্রেসিডেন্ট দাবি করছেন। সেখানকার আরেকটি শক্তিশালী সশস্ত্র গ্রুপ নিয়ন্ত্রণ করছেন সোমালিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী বারে হিরালি। ১৯৯১ সালে কেন্দ্রীয় সরকারের পতনের পর কিসমায়োর নিয়ন্ত্রণ দশ বারো বার হাতবদল হয়েছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত শহরটির নিয়ন্ত্রণ ছিল আল শাবাব জঙ্গি গোষ্ঠির হাতে। রাস কামবনির সহযোগিতায় কেনিয়ার সেনাবাহিনী পরে তাদের বিতাড়িত করে। গতমাসে স্থানীয় সরকারের প্রতিনিধিরা মাদোবিকে দক্ষিণ জুবাল্যান্ডের প্রেসিডেন্ট ঘোষণা করে তার হাতে কিসমায়োর নিয়ন্ত্রণ দেন।