বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস দেশটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন। ইউরোপের আকাশসীমায় মোরালেসের বিমান চলায় বাধা দেয়ার পরিপ্রেক্ষিতে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই হুমকি দেন। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের প্ররোচনাতেই মোরালেসের বিমান ইউরোপীয় আকাশসীমায় ঢুকতে না পেরে অস্ট্রিয়ার বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার এক শীর্ষ সম্মেলনে দক্ষিণ আমেরিকার বামপন্থি নেতারা মোরালেসের প্রতি সমর্থন ব্যক্ত করার পরিপ্রেক্ষিতে তিনি এই হুমকি দেন বলে বিবিসি জানিয়েছে। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মঙ্গলবার বলিভিয়ার প্রেসিডেন্ট মোরালেস মস্কো সফর শেষে দেশে ফেরার পথে তার বিমানে যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রয়েছেন সন্দেহে বিমানটিকে বাধা দিয়ে অস্ট্রিয়ায় জরুরি অবতরণে বাধ্য করা হয়। ইউরোপের দেশ ফ্রান্স, ইতালি, স্পেন ও পর্তুগাল মোরালেসকে বহনকারী বিমানটিকে তাদের আকাশসীমায় প্রবেশ করার অনুমতি দেয়নি। মোরালেস বলেন, “যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেয়ার ব্যাপারে আমার হাত একটুও দ্বিধাগ্রস্ত হবে না।”
