যুগল ভাইরাসে মাইক্রোসফট
‘ভবফাস’ এবং ‘বিবোন’ নামে একজোড়া কম্পিউটার ভাইরাসের গতিবিধি সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে বলে শঙ্কিত সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ম্যালওয়্যার গবেষকরা। সমপ্রতি ম্যালওয়্যার গবেষক হিওন চইয়ের লেখা ব্লগে বিস্তারিত জানা যায় এই জোড়া ভাইরাস সম্পর্কে। চই জানান, ২০০৯ সালে প্রথম ভবফাস নামের ভাইরাসটির আবির্ভাব ঘটে। একবার কোনোভাবে কম্পিউটারে ঢুকতে পারলে, এটি বিবোন নামে অন্য একটি ভাইরাসকে ডাউনলোড করে নেয় এবং একসঙ্গে কাজ করতে শুরু করে। —বিবিসি
মা-মেয়ের ডক্টরেট ডিগ্রি
অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থম্পসন ও তার মা অভিনেত্রী ফিলিডা ল সমপ্রতি স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। অনেকগুলো সিনেমায় একসঙ্গে অভিনয় করার পর এবার একসঙ্গে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন । সমপ্রতি স্কটল্যান্ডের গ¬াসগোতে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যদিয়ে তারা এই ডিগ্রি লাভ করেন। এ বিষয়ে এমা বলেন, “এটা আমাদের দু’জনের একসঙ্গে শ্রেষ্ঠ ভূমিকা পালন। আমরা নিজেদের ভাগ্যবতী মনে করছি কারণ এখন থেকে আমাদের নামের আগে ডক্টর লেখা থাকবে।” —পিটিআই
গুপ্তচরবৃত্তি নিয়ে ছবি
উত্তর কোরিয়ার তিন গুপ্তচরের কাণ্ড-কারখানা নিয়ে তৈরি একটি চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ায় বিপুল সাফল্যের পর দেশের সীমানার বাইরে মুক্তি পাচ্ছে। ‘সিক্রেটলি গ্রেটলি’ নামের চলচ্চিত্রটির মূল চরিত্রে গুপ্তচর ওন নরিউন হোয়ান। তিনি পাঁচটি ভাষায় পারদর্শী। ছবির বাণিজ্যিক সাফল্য অভাবনীয়। মুক্তি পাওয়ার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে এত মানুষ ছবিটি দেখেছেন যে বক্স অফিসের আগের সব রেকর্ড ভেঙে গেছে। এবার হলিউডের দেশ অ্যামেরিকায়ও ছবিটি মুক্তি পাচ্ছে। এই সাফল্যের পেছনে রয়েছে কোরীয় উপদ্বীপের বিভাজনের মর্মান্তিক কাহিনী।
— রয়টার্স
