দক্ষিণ আফ্রিকায় নিহত মোসলেহউদ্দিনের দাফন গ্রামের বাড়িতে সম্পন্ন

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:০৭
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী ক্ষুদ্র ব্যবসায়ী মোসলেহউদ্দিনের (৪৮) লাশ শনিবার রাত সাড়ে ৮টায় আরব আমিরাত এয়ারওয়েজের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। বিমান বন্দর থেকে নিহতের আত্মীয়-স্বজনরা লাশ গ্রহণ করেন। ভোর রাতে নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পুরান শ্রীরামপুর গ্রামে তার লাশ পৌঁছলে সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বামীহারা স্ত্রী ও বাবাহারা সন্তানদের আর্তনাদে আকাশ ভারি হয়ে ওঠে। রবিবার সকালে শ্রীরামপুর মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে শ্রীরামপুর পশ্চিম পাড়া স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩ টার দিকে আফ্রিকার পূর্বাঞ্চলীয় শহরে সন্ত্রাসীদের গুলিতে প্রাণহারান মোসলেহউদ্দিন। পুরান শ্রীরামপুর গ্রামের মৃত আলী আশরাফ মিয়ার ২ ছেলে ৩ মেয়ের মধ্যে মোসলেহউদ্দিন ছোট ছেলে।