জোরালো হলো জিম গড়ার দাবি

ডাচ কোচের অধীনে ফুটবলারদের অনুশীলন চলছে

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:১৮
জাতীয় ফুটবল দলের প্রস্তুতির জন্য জিম গড়ে তোলার দীর্ঘদিন ধরে ওঠা দাবিটি আবারো গুরুত্ব পেলো গতকাল রবিবার। কেননা এ দফায় ঢাকায় এসে জিম খুঁজতে থাকা কোচ লোডইউক ডি ক্রুইফ এদিন রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটিতে অবস্থিত জিমে নিয়ে যান খেলোয়াড়দের। বিদেশী কোচরা বরাবরই এ ব্যাপারে উচ্চকণ্ঠ হলেও কর্মকর্তারা নিজস্ব জিম গড়তে কখনোই উদ্যোগ নেননি। এমনকি বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন দুই দফায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্বে থাকার পরও পরিস্থিতি একইরকম থেকে গেছে। সঙ্গত কারণেই গতকাল ডাচ কোচের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতিরত জাতীয় দলের অনুশীলনকে ছাপিয়ে যায় জিম করার সুযোগ না থাকাকে ঘিরে। ডাচ কোচের অধীনে খেলোয়াড়রা সেখানে ঘন্টাব্যাপী জিম এবং বেশ কিছুক্ষণ সুইমিং করেন। এদিন ইনজুরির শংকার মধ্যে থাকা খেলোয়াড়রাও হালকা জিম করেছেন। সাখাওয়াত রনি জিমের পাশাপাশি সুইমিং করেছেন। জাহিদ ও লিংকন শুধু জিমেই সীমাবদ্ধ ছিলেন। খেলোয়াড়রা জিমের পর বাড়তি শক্তি পাওয়ার বিষয়টি অনুভব করছেন বলে জানান। এরপর টানা সাত দিন বল নিয়ে অনুশীলন করানোর পর গতকাল বিকালে কোচ ফুটবলারদের বিশ্রাম দেন। তবে আজ আবার বল নিয়ে মাঠে নামতে হবে। এদিকে জিম সংক্রান্ত আলোচনায় বাফুফে’র টেকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ জোবায়ের আলম নিপু সাংবাদিকদের বলেন,‘ফুটবলে জিমের বিকল্প নেই। এ বিষয়ে ফেডারেশনকে অনেক আগে থেকেই বলে আসছি।’ অপরদিকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন,’ফেডারেশনের নিচের একটি কক্ষে জিম করার পরিকল্পনা রয়েছে। এজন্য বাজেটও তৈরি করা হয়েছে। সভাপতির সাথে আলোচনা করে কাজটি এগিয়ে নেয়া হবে।’ অবশ্য জাতীয় দলের ফুটবলারদের জন্য যেমন জিমের ব্যবস্থা নেই তেমনি ক্লাব পর্যায়েও অবস্থা তথৈবচ। জানা গেছে ঢাকার ক্লাবগুলোর মধ্যে পুরান ঢাকার ক্লাব ফরাশগঞ্জে খুব স্বল্প পরিসরে এবং ক্ষুদ্র আকারে জিমের কিছুটা সুবিধা আছে।