বায়োগ্যাস থেকে বিদ্যুত্ উত্পাদন করছেন জলঢাকায় আবেদ আলী

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:৪৬
নীলফামারীর জলঢাকায় কৈমারী ইউনিয়নের কাচারীপাড়ার আবেদ আলীর বায়োগ্যাস থেকে বিদ্যুত্ উত্পাদন করে এলাকায় চমক সৃষ্টি করেছে। সে পড়াশুনা খুব একটা না জানলেও ইলেকট্রনিক্স দোকানে মেকানিক্যাল কাজ করার ফলে বিদ্যুত্ সম্পর্কে কিছু অভিজ্ঞতা তার আগেই ছিল। বিদ্যুত্ না থাকায় মোবাইলে চার্জ দেয়াসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আবেদ আলীকে। এ সমস্যার সমাধানে বায়োগ্যাস থেকে কিভাবে বিদ্যুত্ উত্পাদন করা যায় সে চিন্তা পেয়ে বসে তাকে। দু’টি বৈদ্যুতিক তার একটি কাঁচের পাতের ওপর মোম দিয়ে আটকিয়ে ওই পাতটি প্ল্যান্টের হাউজের ভেতর স্থাপন করে তারের অন্য প্রান্ত একটি বৈদ্যুতিক সার্কিটের সাথে সংযুক্ত করে ১২ ভোল্টের একটি ব্যাটারির সাথে সংযোগ দেন। প্ল্যান্টের হাউজে ব্যবহূত গরুর গোবরে সৃষ্ট উত্তাপ তার ও বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে ব্যাটারিতে সঞ্চিত হয়ে চার্জ উত্পন্ন করে। এ ব্যাটারির সাথে সংযোগ দিয়ে চলছে মোবাইলে চার্জ, জ্বলছে ১০ ওয়াটের দু’টি বৈদ্যুতিক বাল্ব। আর গ্যাস দিয়ে চলছে রীতিমতো রান্নার কাজ। আবেদ আলী জানান, আর্থিক সংকটের কারণে ছোট আকারে নিজ বাড়িতে প্ল্যান্ট তৈরি করেছি। সহযোগিতা পেলে ভবিষ্যতে পুরো গ্রামে আলো জ্বালাতে পারবো। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন-উল-হাসান জানান, জলঢাকার প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস থেকে বিদ্যুত্ উত্পাদনের বিষয়টি আশাব্যঞ্জক। সুযোগ পেলে তাকে সহযোগিতা করা হবে।