সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৫৪

ফরিদপুর-৪ আসনে এমপি নিক্সন চৌধুরীর মনোনয়নপত্র জমা

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, গত ৫ বছর নিরলস পরিশ্রম দিয়ে ফরিদপুর-৪ আসনের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছি। একইসঙ্গে এই অঞ্চলের জনগণের যে দীর্ঘদিনের মূল্যায়ন তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমার শতভাগ বিশ্বাস, ফরিদপুর-৪ আসনের জনগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ। এছাড়া ভোটের আমেজে সমগ্র দেশে যখন উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে তারই ধারাবাহিকতায় ফরিদপুর-৪ আসনেও ভোটের হাওয়া বইতে শুরু করেছে। আশা করি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু পরিবেশে সুন্দর হবে। মঙ্গলবার জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার হাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার সঙ্গে ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মাষ্টার প্রমুখ।

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন পাঁচ প্রার্থী

খুলনা অফিস আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য খুলনায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন। প্রথমে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে শেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, তেরখাদা উপজেলা চেয়ারম্যান শরফুদ্দীন বিশ্বাস বাচ্চু প্রমুখ।এছাড়া খুলনা-২ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী এম ইদ্রিস আলী খান বিল্টু মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্ট (জেএসডি) থেকে খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর) আসন থেকে অ্যাডভোকেট আ ফ ম মহসিন ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে মো. আইয়ুব আলী কাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাগেরহাট-১ আসনে নবীন ও প্রবীণ

দুই প্রার্থীর হাতে ধানের শীষ 

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুর্গখ্যাত বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীনের বিপক্ষে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন প্রবীণ ও নবীন দুই প্রার্থী। কোনো কারণে একজনের মনোনয়ন বাতিল হলে বিকল্প প্রার্থী হিসেবে অন্যজন নির্বাচন করবেন বলে বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়। ইতোমধ্যে এ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা  শেখ মুজিবর রহমান ও তরুণ রাজনীতিক জেলা বিএনপি’র সহ-সভাপতি প্রকৌশলী মাসুদ রানা। শেখ মুজিবর রহমান এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। অপরদিকে নবীন প্রার্থী প্রকৌশলী মাসুদ রানা প্রথমবারের মতো এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের  মধ্যে তার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে।

আওয়ামী লীগ প্রার্থী এস এম শাহজাদার

আগমনে গলাচিপায় জনতার ঢল

গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা সাজুর মঙ্গলবার গলাচিপায় আগমন উপলক্ষে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও আপামর হাজার হাজার জনতার ঢল নামে। স্থানীয় পৌর মঞ্চে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। এ সময় তরুন নেতাকে কাছে পেয়ে অনেকে আনন্দে আপ্লুত হয়ে পড়েন । উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ  দের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় নেতা ইকবাল জোমাদ্দার, জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, সহ সভাপতি কাশিনাথ দত্ত, উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, গলাচিপা উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিকন,দশমিনা সদর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন, শাহীন শাহ প্রমূখ । সংবর্ধনা শেষে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা নির্বাহি কমৃকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শাহ মু: রাফিকুল ইসলামের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন ।

গফরগাঁওয়ে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বাবেল গোলন্দাজ

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা  ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে টানা দ্বিতীয়বারের মতো নৌকার মনোনয়ন পেয়ে সোমবার রাতে ঢাকা থেকে গফরগাঁও পৌঁছান বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাহমী গোলন্দাজ বাবেল। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢল নামে। তারা প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করেন। রাত ৮টার দিকে ফাহমী গোলন্দাজ বাগুয়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মীর শ্লোগানে মুখরিত হয়ে উঠে আশেপাশের এলাকা। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেলকে হাসি মুখে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে বলেন, আওয়ামী লীগ বড় দল, প্রতিযোগিতা থাকবে। এখন সব ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ নৌকার বিজয় ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।

বাঞ্ছারামপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া ৬, বাঞ্ছারামপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি মঙ্গলবার বাঞ্ছারামপুর পৌঁছলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, মিন্টুর রঞ্জন সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ।

পাবনা-২ আসনে আওয়ামী লীগ

প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সুজানগর (পাবনা) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির গতকাল মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুজিত্ দেবনাথের কাছে ওই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা শিক্ষাবিদ ফজলুল হক, গোলাম রসূল মাস্টার, আব্দুল গফুর মাস্টার, আব্দুল জলিল বিশ্বাস, এসএম শামছুল আলম, মশিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, যুগ্ম সম্পাদক ফররুখ কবির বাবু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম তরুণ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন ও অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।