কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, গাজীপুর নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান স্বপদে থাকার নৈতিকতা হারিয়েছে। বাংলাদেশের মানুষ হলমার্ক কেলেংকারি, গণজাগরণ মঞ্চ ও শাপলা চত্বরে বাতি নিভিয়ে দিয়ে আলেমদের হত্যা পছন্দ করেনি। এরই প্রতিফল ঘটেছে গাজীপুরসহ সামপ্রতিক সময়ে অনুষ্ঠিত ৫ সিটি করপোরেশনের নির্বাচনে। রাজশাহী সিটি প্রেসক্লাবে গতকাল রবিবার দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ অন্বেষণে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়নি। হয়েছে আওয়ামী লীগ সমর্থিত মেয়রদের পরাজয়। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খামখেয়ালিপনার পরাজয়। আজ রাজনৈতিক দলে কোন কর্মী নেই। আছে রাজনৈতিক কর্মচারী। তিনি আরো বলেন, বাংলোদেশে মুক্তিযোদ্ধোদের হাতিয়ার হিসেবে ব্যবহারে করে অনেকেই সরকার গঠন করেছে। কিন্তু ক্ষমতায় গিয়ে তাদের অবমূল্যায়ন করেছে।
রাজশাহী সিটি প্রেসক্ল?াবের সভাপতি মোহাম্মদ জুলফিকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, সাবেক প্রো-ভিসি অধ্যাপক কেএএম শাহাদত হোসেন মন্ডল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এম রফিকুল ইসলাম ও রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম আজাহার আলী। সভায় কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীও উপস্থিত ছিলেন।
