বিনিয়োগের ফাঁদ পেতে ২শ কোটি টাকার প্রতারণা

আপডেট : ১২ মে ২০১৯, ২২:০০

রেক্স আইটি ইনস্টিটিউটের মালিক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

আউট সোর্সিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের নামে প্রতারণার অভিযোগে রেক্স আইটি ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানের মালিক আবদুস সালাম পলাশকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি দীর্ঘদিন ধরে বিনিয়োগের ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের ২০০ কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। এর আগে গত ১০ মে রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবদুস সালামকে গ্রেফতার করে সিআইডি। তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মানিলন্ডারিং, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, রেক্স আইটি ইনস্টিটিউট নামের ওই প্রতিষ্ঠানটি আউট সোর্সিং, গ্রাফিকস ডিজাইন, এসইও, ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রশিক্ষণ দিয়ে থাকে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা রি পেইড মার্কেটিংয়ের প্রচারণা চালাত। যেকোনো প্রতিষ্ঠানের তুলনায় রেক্স আইটিতে বিনিয়োগ করলে ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত রিটার্নের অবিশ্বাস্য অফার দেওয়া হতো। এই প্রতিষ্ঠানে পাঁচ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদেরকে বিনিয়োগে উদ্বুদ্ধ করা হতো। প্রশিক্ষণার্থীরাও মনে করতো এখানে বেশি লাভ পাওয়া যাবে। তাই অনেকে এখানে বিনিয়োগ করে। এর বাইরেও অফারটি বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়া হলে বিভিন্ন ব্যবসায়ী বেশি লাভের আশায় এ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে।

মোল্লা নজরুল বলেন, গ্রেফতারকৃত আবদুস সালাম পলাশ জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, প্রথমে ফ্রি মার্কেটিংয়ে ক্যাম্পেইনে আগ্রহীদের নিয়োগ করা হতো, পরে তাদের পেইড মার্কেটিংয়ে ঢুকিয়ে দেওয়া হতো। বিনিয়োগকারীদের বলা হতো পেইড মার্কেটিং করতে তাদের পেপ্যাল অথবা ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে। আর বাংলাদেশে যেহেতু পেপ্যালের কার্যক্রম নেই তাই তারা সরাসরি এখানে মার্কেটিং করতে পারবে না। যেহেতু আবদুস সালাম পলাশ এই পেশার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত তাই তার আমেরিকান অ্যাকাউন্ট রয়েছে। তার মাধ্যমেই ক্যাম্পেইন চলবে। তাদের সন্দেহ দূর করার জন্য এডভারটেন গোল্ড নামের একটি সাইট তৈরি করেন, যা দেখতে অবিকল এডভারটেনের মতো।

সিআইডির এই কর্মকর্তা বলেন, আবদুস সালামের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কল্যাণপুরে। তিনি ২০০৭ সালে সোনাইমুড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখা থেকে পরে এইচএসসি পাস করেন। এরপর তিনি ধানমন্ডি চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে সিএ পড়া শুরু করলেও তা শেষ করতে পারেননি। ২০১০ সালে আউট সোর্সিংয়ের কাজ শুরু করেন। ২০১৬ সালে তিনি আইটি ভিশনে ট্রেইনার হিসেবে নয় মাস চাকরি করেন। এরপর ২০১৭ সালে কয়েকজন নিয়ে রেক্স আইটি প্রতিষ্ঠা করেন। পলাশ প্রথমে রেক্স আইটিতে প্রশিক্ষণ করালেও পরে তিনি প্রতারণায় জড়িয়ে পড়েন।