৬৫ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল

আপডেট : ১২ মে ২০১৯, ২২:০০

সাংবাদিক সাগর-রুনি হত্যা

বিশেষ প্রতিনিধি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৬৫ বারেও দাখিল করেনি র্যাব। গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ২৬ জুন পরবর্তী দিন ধার্য করেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, আদালতে আজ (গতকাল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল; কিন্তু তদন্ত কর্মকর্তা র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক এ আদেশ দেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে নিজ বাসা থেকে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলার পর রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে আটক করা হয়। বাকিরা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল, তানভীর, আবু সাঈদ ও বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির। এর মধ্যে পলাশ রুদ্র পাল ও তানভীর রহমান জামিনে রয়েছেন। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের মধ্যে কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।