প্রয়োজনে আইন সংশোধন করে খাদ্যে ভেজালকারীর শাস্তি বৃদ্ধি করা হবে —খাদ্যমন্ত্রী

আপডেট : ১২ মে ২০১৯, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যারা খাবারে ভেজাল দেয় তারা সমাজের শক্র, মানবতার শক্র। প্রচলিত আইনে খাদ্যে ভেজালকারীর শাস্তির যে বিধান রয়েছে দরকার হলে আইন সংশোধন করে শাস্তির মাত্রা বৃদ্ধি করা হবে।

গতকাল রবিবার রাজধানীতে সচিবালয়ের ২নং গেটের সামনে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে প্রচার-প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, শুধু রমজান মাসেই নয়, আমরা চাই ১২ মাসই জনগণ নিরাপদ খাদ্য খাবে। তিনি ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি করে গণআন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। খাদ্যমন্ত্রী বলেন, আতঙ্কিত না হয়ে ভেজাল প্রতিরোধে নিজেরা যদি আরও সোচ্চার হই তাহলে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।

রমজান মাসে ভেজালবিরোধী অভিযানে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।