ফ্যাশনে আমাদের দেশে পোশাকের ইতিহাস খুব বেশি দিনের নয়। আমাদের দেশে মানুষের পোশাক-সচেতনতা সংস্কৃতির সঙ্গেই ওতপ্রোতভাবে মিশে আছে। কিন্তু এই চেতনার প্রাতিষ্ঠানিক অবয়ব পেতে সময় লেগেছে দীর্ঘদিন। এই প্রাতিষ্ঠানিক যাত্রায় আন্তর্জাতিক মানসম্পন্ন দেশি ফিটিং শার্ট নিয়ে সামিল হয়েছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এম্পায়ার প্লাজার ব্র্যান্ড শপ আইকিউ। শপটি ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
একদল তরুণ-তরুণী ছুটে বেড়াচ্ছে এ-মাথা থেকে ও-মাথা এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। এটা কোনো মাঠে ময়দানের প্রতিযোগিতা নয়। তারপরও তারা মেতে উঠেছে এক সুন্দরের প্রতিযোগিতায়। এ বয়সটাই এমন, প্রত্যেকেরই আধুনিক এবং অন্যের চেয়ে ব্যতিক্রম পোশাকটাই চাই। যাতে থাকবে আধুনিকতা, ঐতিহ্য আর নতুনত্বের ছাপ। ২০ বছর আগে যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে যাত্রা শুরু করে, ইমরুল কায়েসের স্বপ্ন ছিল এমনই ফ্যাশনের হাওয়ায় তার বানানো পোশাকটি তুলে ধরবেন মানুষের সামনে। আর আজ সেই স্বপ্ন আলোর মুখ দেখেছে। প্রতিদিন শত শত শার্ট দেশের বাইরেই পাঠাতেন তিনি। অথচ দেশেই যে আন্তর্জাতিক মানের এই শার্টগুলো বাজারজাত করলে আমাদের মানটাই বাড়বে বৈ কমবে না, এমন ভাবনা থেকেই আইকিউয়ের যাত্রা শুরু। নামটা শুরুতেই কিছুটা আকর্ষণ তৈরি করে, তবে সেটা কিন্তু ইমরুল কায়েসের নামেরই অদ্যাক্ষর দিয়ে গঠিত।
ফ্যাশন হাউসের শুরুটা কিন্তু বৈচিত্র্যপূর্ণ হওয়া চাই। সেই ভাবনা থেকেই আইকিউ প্রথমেই বাজারে এনেছে পছন্দসই কিছু শার্ট। এর মাঝে ফর্মাল রয়েছে যেমন, রয়েছে ক্যাজুয়ালও। সুন্দর সুন্দর টাইও রয়েছে। ধানমন্ডি শো-রুমটাতে মূলত শার্টকে প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে। এর বাইরে মেয়েদের কিছু পোশাক রয়েছে। ইতোমধ্যেই আইকিউয়ের দ্বিতীয় শাখা যাত্রা শুরু করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফ স্টাইলে, এরপর যমুনা ফিউচার পার্কে হবে তৃতীয় শাখা।
ইমরুল কায়েস বলছিলেন, শপিং সেন্টারগুলোতে তরুণদের রুচিকে প্রাধান্য দিয়েই তৈরি হচ্ছে নতুন নতুন বৈচিত্র্যময় পোশাক। আর তিনি নিজেও বিষয়টা বুঝতে পেরে রপ্তানিযোগ্য কাপড়ের তুলনায় দেশীয় কাপড়েই ফিটিং ও আনুষাঙ্গিক তৈরি করেছেন। তিনি নিজে পুরো ব্যাপারটা দারুণ উপভোগ করেন, আর তাই হয়তো অল্প সময়েই আইকিউ তরুণদের মাঝে পরিচিতি পেতে শুরু করেছে। আর সব শেষটায় বলে দেওয়া দরকার, এগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। সাধারণত রপ্তানিযোগ্য মানের যে শার্ট ৩০০০ টাকায় বিক্রি হয়, আইকিউ এটা প্রায় অর্ধেক মূল্যে দিচ্ছে। রয়েছে ৯৫০ টাকা থেকে বিভিন্ন মূল্যমানের শার্ট। তবে এটা মানের সাথে কখনোই আপস নয়, বরং নতুনত্বের এই ফ্যাশনকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ারই একটি প্রয়াস।
আইকিউ মূলত ভার্সেটাইল অ্যাটায়ার লিমিটেডের আউটফিট হিসেবে যাত্রা শুরু করল। বাইরের পাশাপাশি, দেশের মানুষকে সেরাটা দেওয়ার এই উদ্যোগকে তারুণ্য সাদরে গ্রহণ করবে, এটাই প্রত্যাশা।
এ ক ন জ রে
কোথায় :এডিসি অ্যাম্পোরিয়াম প্লাজা, সাতমসজিদ রোড, ধানমন্ডি ১২-এ, ঢাকা।
কবে যাবেন :সপ্তাহে সাতদিনই খোলা থাকে, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
উদ্যোক্তার ভাষ্য :প্রতিষ্ঠানের সিইও ও ক্রিয়েটিভ অ্যাডভাইজার মুস্তফা ইমরুল কায়েস বলেন, ‘আমরা ক্রেতাদের জন্য এনেছি রিংকল ফ্রি টাইপ শার্ট। আছে কটন সামার কালেকশন চেক ও স্ট্রাইপ হাফ স্লিভ সিলিকনসহ বিপুল কালেকশন।’
