গুলশান এক নম্বর গোলচত্বর পেরিয়ে সামনে এগোতেই চোখে পড়বে ফোয়ারা ঘেরা এক বাড়ি। ইংরেজি অক্ষরে নাম লেখা ‘ভিলেজ’। ব্যস্ত শহরের মাঝে এখানে কেন গ্রাম? উত্তর মিলবে ভেতরে যেতেই। সুন্দর অন্দরসাজ সেই সাথে কিছুটা গ্রামীণ আবহ মিলিয়ে এ যে দারুণ এক রেস্তোরাঁ। ভিলেজ ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
কর্মব্যস্ত নাগরিকদের গ্রামের সেই ছায়াঘেরা মেঠোপথ আরেকটিবার মনে করিয়ে দিতে অভিজাত এলাকা গুলশান এভিনিউতে ২০১১ সালে যাত্রা শুরু করে ‘ভিলেজ রেস্টুরেন্ট’। প্রবেশদ্বারে আপনার চোখ আটকে যাবে কৃত্রিম ঝরনাধারা দেখে, যা আপনার মনকে করবে উল্লসিত। ঢোকার প্রারম্ভেই রয়েছে অভ্যর্থনা কক্ষ। এর পাশেই কফি শপ। কফি শপে কফি, স্ন্যাক্স তো পাবেনই। পাবেন পাকিস্তানি শেফদের তৈরি বাহারি কিছু মিষ্টি। এমি মিষ্টি, শনপাপড়ি বা হালুয়ার স্বাদ একবার মুখে নিলে ভোলার নয়। তারপর এগিয়ে গেলেই বিশাল এক উঠোন। সেখানেও পাবেন অন্দরসাজে নতুনত্ব। উদ্যোক্তারা নিজেই তাদের মতো করে সাজিয়ে নিয়েছেন এই পুরো আয়োজন। এক কোণে একটা গরুর গাড়ির অংশও পাবেন। এখানেই কিন্তু প্রতি শুক্রবারে লাইভ মিউজিকের আসর বসে। আর পাশে এবং দোতলায় রয়েছে ফ্যামিলি স্পেস। আলাদা এমন অনেক কক্ষ রয়েছে। বাচ্চাদের মনের পূর্ণতা আনতে রয়েছে গেম জোন। এখানে তারা ইচ্ছামতো খেলতে পারবে। সিঁড়ি বেয়ে উপরে উঠলে পাবেন বেশ কয়েকটি মিটিং কর্নার। আর একটু কষ্ট করে উপরে উঠলে পাবেন রুফটপ। সেটাও মজার এক আবহ বার-বি-কিউয়ের জন্য। সব রকমের খাবারের সমন্বয়ে মেন্যু সাজানো হয়েছে। স্যুপ থেকে বার-বি-কিউ সবই পাবেন। চিকেনের একটা পিস কেটে গালে পুরতে অনুভব করবেন ভিন্ন রকম স্বাদ। বলতেই হবে এ স্বাদের ভাগ হবে না। এর মধ্যে বাঁশের ঝুড়িতে রাখা রুমালি রুটি আর চিকেন টিক্কা খাবার অপেক্ষায় আছে। আর যদি রসনায় পরিপূর্ণ তৃপ্ত হতে চান তবে এই রেস্টুরেন্টটিতে অ্যাপিটাইজার, বার-বি-কিউ চিকেন, বার-বি-কিউ বিফ, বার-বি-কিউ মাটন, বার-বি-কিউ সি ফুড, ভিলেজ স্পেশাল ফুড, কন্টিনেন্টাল ফুড পরিবেশন করা হয়। এ ছাড়া এখানে বিভিন্ন ধরনের হালুয়া ও মিষ্টি পাওয়া যায়। এখানে লাঞ্চে বুফের ব্যবস্থা রয়েছে। আসছে রমজানে বিশাল সমারোহে বুফে ডিনার ও ইফতারের আয়োজন করা হয়েছে। পার্টির ক্ষেত্রে মূলত দুটি জায়গা নির্ধারিত। একটি দোতলায়, অপরটি রুফটপ। ছোটখাটো পার্টি ছাড়াও দোতলায় ৫০০ লোকের ঠাঁই দিতে পারে আধুনিক এই গ্রাম। রেগুলার সার্ভিসের পাশাপাশি এখানে পার্টি আয়োজন, হোম ডেলিভারি, ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থা রয়েছে।
এ ক ন জ রে
কোথায় :৩৩, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
কবে যাবেন :প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে।
উদ্যোক্তার ভাষ্য :পরিচালক শাকির কারসাজ ও আলিফুর রহমান
বলেন, ‘আমাদের যত কালচার মূলত সবই এসেছে গ্রাম থেকে। সেখানকার পরিবেশটা অনেক সুন্দর। সামনে উঠোন, কাচারি ঘর, বারান্দা, বাঁশঝাড়, পাখির কলকাকলি। অন্য রকম এক পরিবেশ। এখানে তা কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে। ভোজনবিলাসী বাঙালির চাহিদা অনেকখানি পূরণ করতে সক্ষম ভিলেজ।’
