বাংলা দ্বিতীয়পত্র
মোস্তাফিজুর রহমান লিটন
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
ক্রিয়াপদ
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা দ্বিতীয়পত্র থেকে ক্রিয়াপদ নিয়ে আলোচনা।
সকর্মক ও অকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া: যে ক্রিয়াপদের কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে।
বাক্যের ক্রিয়াকে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মপদ। কর্মযুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া।
যেমন:মা রান্না করছেন।
এ বাক্যে ক্রিয়াপদ হচ্ছে ‘করছেন’।
প্রশ্ন: কী করছেন?
উত্তর: রান্না করছেন।
অতএব, ‘করছেন’ ক্রিয়াপদটির কর্ম হচ্ছে ‘রান্না’। ‘করছেন’ সকর্মক ক্রিয়া।
অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সৌরভ পড়ে।
সৌরভ কী পড়ে- এ প্রশ্নের উত্তর নেই। অর্থাত্ এ বাক্যে ‘পড়ে’ ক্রিয়াপদের কোনো কর্ম নেই। তাই ‘পড়ে’ অকর্মক ক্রিয়া।
প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়া হতে পারে। যেমন: সকর্মক ক্রিয়া: ১. আমি টিফিন খেয়েছি।
২. মাখন রায় গান গাচ্ছে
অকর্মক ক্রিয়া: ১. আমি টিফিনে খেয়েছি।
২. মাখন রায় গানে মজেছে।
ক্রিয়াপদ
যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে। যেমন:
বাবা এসেছেন। ঘড়িতে ১০টা বাজে।
ক্রিয়াপদ নানা রকম হয়:
১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন:
সেতু স্কুলে যায়। বিথু গান গায়।
২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: আমি বাড়ি গিয়ে... সে বই নিয়ে... এখানে ‘গিয়ে’, ‘নিয়ে’ ক্রিয়ার দ্বারা কথা শেষ হয়নি। বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই। যেমন: আমি বাড়ি গিয়ে খাবো।
সে বই নিয়ে পড়তে বসেছে।
সুতরাং, ‘গিয়ে’, ‘নিয়ে’ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর ‘খাবো’, ‘বসেছে’ এগুলো সমাপিকা ক্রিয়া।
৩.সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কোনো কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে।
যেমন:স্বপন চিঠি লিখছে। কাঞ্চন বই পড়ছে।
৪. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন:
সেলিমা বেগম বাড়ি যায়। মনি মারমা ভাত খায়।
৫. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন:
শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন।
৬. প্রযোজক ক্রিয়া: যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন:
মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন। সাপুড়ে সাপ খেলায়।
৭. যৌগিক ক্রিয়া: একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: সে পাস করে গেল। সাইরেন বেজে উঠল।
