বাংলাদেশ ফুটবল জাতীয় দলে এই দফায় অনেক কিছুই নতুন যুক্ত হচ্ছে। কোচ-সহকারীর পাশাপাশি আগেই দলে যোগ দিয়েছেন ট্রেনার। শুরু হচ্ছে জাতীয় দলের জন্য জিনেসিয়ামেরও নির্মান। এবার জাতীয় দলের টার্কিশ বংশোদ্ভূত ট্রেনার মোহাম্মদ জামালির সঙ্গে চার মাসের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাসিক ছয় লাখ টাকায় জামালির সঙ্গে চুক্তি করবে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহাম্মেদ দেশে ফিরলেই চুক্তিটা সম্পন্ন হবে বলে জানান, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এর আগে দুই ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টারকে মসিক ২৫ লাখ টাকায় নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুই বছরের চুক্তিতে জাতীয় দল নিয়ে কাজও শুরু করেদিয়েছেন ক্রুইফ-কোস্টার। দুই ডাচ কোচের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করলেও শুরুতে জামালির সঙ্গে বড় চুক্তিতে যাবে না বাফুফে। এর কারণ হিসেবে বাফুফে সভাপতি বলেন, আমরা এই চারমাস দেখবো, এরপর মূল্যায়ন করে সিদ্ধান্ত নিবো, ওকে রাখবো কি না। উল্লেখ্য, এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে ফুটবলারদের ফিটনেসের ঘাটতির কারণে ফিজিওর অভাব অনুভব করেন জাতীয় দলের হেড কোচ লোডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টার। ১ জুলাই রেনে কোস্টারের সঙ্গে ঢাকায় আসেন জামালি। ওইদিনই ফুটবলারদের নিয়ে কাজ শুরু করেন এই ফিজিও।
