উইন্ডিজ সফরের আগে আশাবাদী মিসবাহ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৪
পাকিস্তানের ওয়ানডে দল ক্যারিবীয় সফরে যাওয়ার আগে অধিনায়ক মিসবাহ-উল-হক আশা করছেন সীমিত ওভার ক্রিকেটে দলটির ক্রমাবনতি কাটিয়ে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান দল পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। উভয় দলের মধ্যকার প্রথম ম্যাচটি ১৪ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে। মিসবাহ ওয়ানডেগুলোতে এবং মোহাম্মদ হাফিজ টি-টোয়েন্টিতে দেশের হয়ে অধিনায়কত্ব করবেন। মিসবাহ জানান, গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের শোচনীয় দুর্গতির পর নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে এ সফরটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি অবশ্য একই সাথে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজ দলের পারফরমেন্সকে ‘সবচেয়ে খারাপ’ বলেও অভিহিত করেন। ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে স্থানীয় ডন পত্রিকাকে মিসবাহ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের পারফরমেন্স ছিল ‘সবচেয়ে খারাপ’ এবং কেউই এটাকে সমর্থন করতে পারে না। এর প্রধান কারণ ছিল ব্যাক টু ব্যাক (এবছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় সিরিজ পরাজয়) ব্যাটিং ব্যর্থতা।’ তবে দলের ব্যাটসম্যানরা সক্ষমতা নিয়ে কোন প্রশ্ন তুলেননি মিসবাহ,‘আমাদের ব্যাটসম্যানরা মেধাবী এবং একবার জ্বলে উঠলে তারা যে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে আপসেট ঘটাতে পারে।’ তিনি আরো উল্লে¬খ করেন, ‘ব্যাটিং লাইন আপ আরো শক্তিশালী করতে শহিদ আফ্রিদি, উমর আকমল এবং আহমেদ শেহজাদকে পুনরায় দলে ডাকা হয়েছে। আশা করছি দলের খারাপ অবস্থা থেকে বেড়িয়ে আসতে সহায়তার জন্য তারা সফল হবে।’ মিসবাহ বলেন, ‘এমন পরাজয়ের জন্য আমরাই দায়ী তাতে কোন সন্দেহ নেই। নির্বাচকমন্ডলী এবং ম্যানেজমেন্ট সমন্বিতভাবে দল গঠন করায় আমরা দক্ষিণ আফিকা ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমস্যায় পড়েছি।’ পুরো সফরেই ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজে সবকটিতে এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে দেশে ফিরে পাকিস্তান দল সবুজ জার্সিধারিদের ব্যাটিং ব্যর্থতা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অব্যাহত ছিল। এ টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের তিন ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজিত হয়। অধিনায়ক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়ের জন্য আমরা ভাল এবং কঠিন ক্রিকেট খেলার চেষ্টা করব। যা পাকিস্তান সমর্থকদের হতাশা কাটাতে সহায়ক হবে।’ ক্যারিবীয় অঞ্চলের পিচ ব্যাটিং সহায়ক হবে আশা করে অধিনায়ক জানান, বড় সংগ্রহ করতে ট্র্যাকের পূর্ণ সুযোগ নেবে পাকিস্তানী ব্যাটসম্যানরা, ‘আগ্রাসী মনোভাব ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের মূল শক্তি। আমাদের ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিতে পারলে জয়ের জন্য তাদেরকে স্বল্প রানে আটকে দেয়ার মত ক্ষমতা আমাদের বোলারদের রয়েছে।’ শোয়েব মালিক, কামরান আকমল এবং ইমরান ফরহাত ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং লাইনআপকে আরো শক্তিশালী করতে আফ্রিদি, শেহজাদ এবং উমরকে দলে নেয়া হয়েছে। হাম্মাদ আজম, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান এবং জুলফিকার বাবরের মত উঠতি ক্রিকেটারদের টি-২০ এবং ওয়ানডে দলে নেয়া হয়েছে বলেও উল্লে¬খ করেন তিনি। ক্যারিবীয় অঞ্চলে ৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। - বাসস