উলিপুরে মাদ্রাসা সুপার গ্রেফতার

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১৩
ম্যানেজিং কমিটির সদস্যের স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাত্ মামলায় কুড়িগ্রামের উলিপুরে এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য নজির হোসেন থানায় এ জালিয়াতির মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান হয়। জানা গেছে, উপজেলার তনুরাম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা সুপার আব্দুল্লাহেশ শাফী মাদ্রাসায় যোগদান করার পর থেকে বিভিন্ন জালিয়াতি ও অর্থ আত্মসাত্ করে আসছেন। তিনি উলিপুর পোস্ট অফিসে মাদ্রাসার রিজার্ভ ফান্ডের ৯০ হাজার টাকা ভুয়া রেজুলেশন দেখিয়ে উত্তোলনপূর্বক আত্মসাত্ করেন। টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়লে ম্যানেজিং কমিটি বিধি মোতাবেক তাকে গত ২ মে বরখাস্ত করেন। এদিকে কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্ব মুহূর্তে ঐ সুপার ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুজ্জামান ও সদস্য ইউপি চেয়ারম্যান আখতারুল করিম হারুনকে ম্যানেজ করে সদস্য নজির হোসেনের স্বাক্ষর জাল করে তার বরখাস্ত আদেশ প্রত্যাহারে একটি ভুয়া রেজুলেশন তৈরি করেন। এ ব্যাপারে নজির হোসেন সুপার আব্দুল্লাহেশ শাফীর বিরুদ্ধে গত ৩০ জুন থানায় মামলা দায়ের করলে পুলিশ গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।