আড়াইহাজার উপজেলায় মেয়র পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে রবিবার সন্ধ্যায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। পরাজিত সুন্দর আলীর সমর্থকরা মুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাগের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনঃনির্বাচন দাবি করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবারের নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের দুই প্রার্থী হাবিবুর রহমান ও সুন্দর আলী গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে রবিবার সকালে সুন্দর আলী ও তার লোকজন নির্বাচনে অংশ নেয়া যুবলীগ নেতা মোজাম্মেল হক জুয়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এদিকে রবিবার বিকেলে মেয়র হাবিবুর রহমান-এর লোকজন আনন্দ মিছিল বের করে। উপজেলার চৌরাস্তা এলাকায় মিছিল থেকে সুন্দর আলীর মালিকানাধীন কয়েকটি দোকানে হামলা চালানো হয়। তখন সুন্দর আলীর লোকজনও পাল্ট হামলা চালালে শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ উভয় গ্রুপকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়।
