আগে খালেদা জিয়াকে বোরখা পরান

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৩৯
জিএসপি সুবিধা বাতিলে খালেদা জিয়ার ষড়যন্ত্র ও জামায়াত শিবিরের সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে গতকাল সোমবার বিকালে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে সদ্যবিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন অভিযোগ করেন, বেগম জিয়ার নিবন্ধ ও ষড়যন্ত্রের কারণে আমেরিকা জিএসপি সুবিধা বাতিল করেছে। এতে করে দেশের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাবে। নগরীর অশ্বিনী কুমার চত্বরে শওকত হোসেন হিরন এ জনসভায় সভাপতির বক্তৃতা করেন। সদ্যসমাপ্ত সিটি নির্বাচনে পরাজয়ের জন্য ধর্মীয় ইস্যু ব্যবহার ও দলের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুনকে দায়ী করে হিরন বলেন, তার বিরুদ্ধে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি নাস্তিক আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়েছে। এর বিচার আলেম সমাজকে করতে হবে উল্লেখ করে হিরন হেফাজতে ইসলামের আমীর শাহ আহমেদ শফীকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়াকে আগে বোরখা পরান। তারপর দেখা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোরখা পরেন কি-না। তিনি হেফাজতে ইসলামের নেতাদের তীব্র সমালোচনা করে বলেন, বিএনপি ও জামায়াত ইসলামকে নিয়ে ইসলামী ব্যাংকের টাকায় সরকার বিরোধী সভা-সমাবেশ বন্ধ করুন। হিরন নগরীর আলেম সমাজের উদ্দেশে বলেন, আমাকে যখন নাস্তিক বলা হলো তখন আপনারা কেন প্রতিবাদ করেননি। অথচ মেয়র থাকাকালীন আমি এ নগরীর ১৬টি নতুন মসজিদ নির্মাণসহ বহু মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান করেছি। হিরন তার বক্তৃতায় নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামালের সমালোচনা করে বলেন, নির্বাচনের পূর্বে সার্বক্ষণিক টুপি পরে প্রচার-প্রচারণা চালালেও নির্বাচনের পর কামালকে আর টুপি পড়তে দেখা যায়নি। জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শওকত হোসেন হিরন সকলের প্রতি আহবান জানান। জনসভা শেষে নগরবাসীর সুস্বাস্থ্য ও নগরীর উন্নয়ন কামনা করে শওকত হোসেন হিরন দোয়া-মোনাজাত পরিচালনা করেন। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, মাহবুব উদ্দিন (বীর বিক্রম), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম , এ্যাড. খলিফা সাইদুর রহমান, মনিরুল হাসান খান, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন প্রমুখ।