শ্রীনগর উপজেলার ভাগ্যকূল বাজারের ব্যবসায়ী আশ্রাফুল আলম নিখোঁজ হবার পর ৫ দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি। কসমেটিক্স ব্যাবসায়ী আশ্রাফুল আলম (৩২) গত ৩ জুলাই রাত বারটার দিকে দোকান থেকে ভাগ্যকূল মান্দ্রা বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন। এর পরদিন আশ্রাফুলের পিতা উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ফকির (৫৪) বাদি হয়ে শ্রীনগর থানায় একটি জিডি করেন। এঘটনায় সোমবার পর্যন্ত শ্রীনগর থানা পুলিশ ঐ ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি।
অপরদিকে গত ১ জুলাই পাটাভোগ গ্রামের এক অটোরিকশাচালক নিখোঁজ হওয়ার পর গত ৫ জুলাই উপজেলার সমষপুর এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উত্কণ্ঠা বিরাজ করছে।
আশ্রাফুলের বাবা সালাম ফকির জানান, আশ্রাফুল চার বছর প্রবাসে থেকে গত এক বছর আগে দেশে ফিরে ভাগ্যকূল ইয়াং মার্কেটে একটি কসমেটিক্সের দোকান দেয়। চারমাস আগে আশ্রাফুল উপজেলার কোলাপাড়া গ্রামে বিয়ে করে। সে প্রতিদিন রাত সাড়ে দশটার দিকে দোকান থেকে বাসায় ফিরে। কিন্তু ঐদিন রাত বারোটা পর্যন্ত বাসায় না ফেরায় আশ্রাফুলের স্ত্রী লাকি আক্তার ফোন দিলে সে জানায় একটু পরই সে বাসায় ফিরছে। এরপর থেকে আশ্রাফুলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পাওয়ায় পরদিন শ্রীনগর থানায় একটি জিডি করা হয়। এব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এএসআই মো. মোস্তফা জানান, কোথাও সন্ধান না পাওয়ায় বিষয়টি সিআইডিতে প্রেরণের প্রস্তুতি চলছে।
